মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: ঝালকাঠি থেকে গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার।
মোহাম্মদপুরের আলোচিত মা–মেয়ে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা শেষ পর্যন্ত পালিয়ে যেতে পারেননি। ঝালকাঠির নলছিটি এলাকায় স্বামীর দাদা শ্বশুরের বাড়ি থেকে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ—এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা।
পুলিশ বলছে, হত্যার পর আয়েশা ঘটনাটি স্বামী রাব্বীকে জানালে তিনিও তাকে লুকিয়ে রাখতে সাহায্য করেন। দু’জনেই ঢাকা ছেড়ে পালিয়ে যায়। আগের একটি অভিযোগ—মোহাম্মদপুরের বছিলায় ছয় মাস আগে চুরির ঘটনায় আয়েশার নাম উঠে আসায় পুলিশ তার ব্যাপারে তথ্য জোগাড় করতে থাকে। সেই সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
তদন্ত কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে হত্যার উদ্দেশ্য ও পরিকল্পনা সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যাবে।
এর আগে সোমবার সকালে শাহজাহান রোডের একটি ১৪তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ ও নবম শ্রেণির শিক্ষার্থী তার মেয়ে নাফিসাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার দিন সকাল ৭টা ৫২ মিনিটে বোরকা পরে বাসায় ঢোকে আয়েশা, আর প্রায় সাড়ে ৯টার দিকে নাফিসার স্কুল-ড্রেস পরে ব্যাগ হাতে বেরিয়ে যায়। এই দৃশ্য সিসিটিভিতেও ধরা পড়ে।
রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

মতামত দিন