আজমিরীগঞ্জে আধিপত্য বিরোধে সংঘর্ষ, একজন নিহত, এলাকায় ১৪৪ ধারা জারি।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রাসেল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর ১টা থেকে বুধবার দুপুর ১টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
স্থানীয়দের ও পুলিশ সূত্রে জানা গেছে, কাকাইলছেও বাজারে দুই পক্ষ—কুমেদপুরের হান্নান মিয়ার লোকজন ও সরকার হাটীর আল কোরান সওদাগরের সমর্থক—এর মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এই বিরোধ রূপ নেয় বাজারে সংঘর্ষে, যেখানে অন্তত ২০ জন আহত হন এবং কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়।
মঙ্গলবার সকালে আবার দুইপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে রাসেল মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সময়সীমার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি খারাপ হলে প্রশাসন সময়সীমা বাড়ানোর সম্ভাবনাও দেখছে।

মতামত দিন