অপরাধ
ছবি: সংগৃহীত

ঢাকা–আইডিয়াল কলেজে আবারও সংঘর্ষ: শান্তিচুক্তির এক মাসেই উত্তেজনায় নিউমার্কেট।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তিচুক্তি হওয়ার মাত্র এক মাস পরই আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে নিউমার্কেট–গ্রীনরোড এলাকায়। মঙ্গলবার সকালে হঠাৎ দুই পক্ষের মধ্যে হাতাহাতির পর পুরো এলাকা অল্প সময়ের মধ্যেই সংঘর্ষের রূপ নেয়।

ভাঙচুর হয়েছে ঢাকা কলেজের দুটি বাস; রাস্তায় আটকে পড়ে থমকে যায় যান চলাচল।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দাবি, তারা কোনো কারণ ছাড়াই হামলার শিকার হয়েছেন। তাদের অভিযোগ—এর আগেও একাধিকবার তাদের ওপর চড়াও হয়েছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অভিযোগ জানালেও সুরাহা হয়নি। সেই ক্ষোভ থেকেই আজকের অবস্থান গণবিক্ষোভে পরিণত হয়েছে বলেই মত তাদের।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে পুলিশেরও ৭–৮ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে নিউমার্কেট থানা। তবে সংঘর্ষ শুরু হওয়ার মূল কারণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলের চারপাশ এখনো উত্তেজনাপূর্ণ; এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন—দোষীদের বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শিক্ষার্থীদের এমন অবস্থান নিউমার্কেট, গ্রীনরোড ও সায়েন্স ল্যাব এলাকায় স্বাভাবিক জীবনযাত্রায় চাপ বাড়িয়েছে।

উল্লেখ্য, সায়েন্স ল্যাব–নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরেই সময় সময় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবারই এলাকার মানুষ ভোগে যানজট–ভোগান্তিতে, আর কলেজগুলো পরে বিবৃতি দেয় ‘ভ্রাতৃত্ববোধ’ তৈরির উদ্যোগের কথা। একমাস আগের সেই উদ্যোগও টিকল না—আজকের ঘটনাই তার প্রমাণ।

মতামত দিন