মানহীন আইসক্রিম ও মিষ্টি তৈরি কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও পণ্য ধ্বংস।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশালের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এলাকা ও নিউ সদর রোডে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অভিযানের নেতৃত্ব দেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।
প্রথমে দুপুর ১২টার দিকে চৌমাথা এলাকায় মুসলিম পাড়ার অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে কারখানার মধ্যে শৌচাগার থাকার পাশাপাশি মানহীন ও রঙ মিশ্রিত মিষ্টি তৈরির চিত্র ধরা পড়ে। প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এরপর দুপুর ২টার দিকে নিউ সদর রোডের ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত মারুফ সুপার স্পেশাল আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অনুমোদনবিহীন ও বিষাক্ত রঙ মিশ্রিত আইসক্রিম তৈরির জন্য প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৮ হাজার পিস আইসক্রিম ধ্বংস করা হয়।
এনএসআই সূত্রে জানা গেছে, অভিযানের আগে দীর্ঘদিন ধরে গোপন নজরদারি চালানো হয়। তারা ক্রেতার ছদ্মবেশ ধারণ করে পণ্য পরীক্ষা করে যাচাই-বাছাই করেন। এরপর খাদ্যের নিম্নমান ও রঙ মিশ্রণের বিষয় নিশ্চিত হলে জেলা প্রশাসন ও বিএসটিআইকে অবহিত করে অভিযান পরিচালনা করা হয়।

মতামত দিন