অপরাধ
ছবি: সংগৃহীত

যশোরে র‍্যাবের অভিযানে ধরা পড়েছে খুলনার কুখ্যাত চাঁদাবাজ ‘চিংড়ি পলাশ’।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন চিংড়িঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলতেন খুলনার সোনাডাঙ্গার পলাশ তালুকদার—স্থানীয়দের কাছে যিনি ‘চিংড়ি পলাশ’ নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা থেকে শুরু করে মাদক ও বিস্ফোরক আইনের মোট ১২টি মামলা ঝুলছে; এর মধ্যে সোনাডাঙ্গা থানায়ই রয়েছে আটটি হত্যা মামলা।

এক পর্যায়ে ২০২৪ সালের ২৯ ডিসেম্বর নৌ পুলিশ ও থানা-পুলিশের যৌথ অভিযানে তিনি স্ত্রীসহ মাদক মামলায় ধরা পড়েছিলেন। কয়েক মাস আগে জামিনে বেরোনোর পর আবারও চাঁদাবাজিতে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া যায়।

এসব অভিযোগের মধ্যেই রোববার (৭ ডিসেম্বর) রাতে তার অবস্থান যশোরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকায় শনাক্ত করে র‍্যাব-৬। গোপন সংবাদে পাওয়া তথ্য অনুযায়ী, সহযোগীদের সঙ্গে তিনি সেখানে অবস্থান করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি বিশেষ দল হঠাৎ অভিযান চালিয়ে তাকে আটক করে।

৩৪ বছর বয়সী পলাশের বাড়ি খুলনার গোবরচাকা এলাকায়; তিনি সুলতান তালুকদারের ছেলে। গ্রেপ্তারের নেতৃত্বে থাকা র‍্যাব-৬–এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, পলাশ দীর্ঘদিন ধরেই খুলনা–যশোর অঞ্চলের বিভিন্ন ঘের মালিকদের ওপর ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতেন।

মতামত দিন