অপরাধ
ছবি: সংগৃহীত

রূপগঞ্জে ফেসবুকের মন্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে বিরূপ মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) রাত গভীরতায় তারাব পৌরসভার রসুলপুর এলাকায় হওয়া এ ঘটনায় গুলিবিদ্ধ এক যুবকসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান সম্প্রতি রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হন। বিষয়টি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম সেই পোস্টে আপত্তিকর মন্তব্য করেন। রাত ১১টার দিকে বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় রাত ২টার দিকে। উভয়পক্ষের লোকজন পিস্তলসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে মুখোমুখি হলে শুরু হয় সংঘর্ষ। এতে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষে শহিদুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আরও চারজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ফেসবুক মন্তব্য নিয়ে ঝগড়া থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

মতামত দিন