সাবেক সাংবাদিক ও জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ গ্রেপ্তার।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রমনা এলাকায় সাবেক সাংবাদিক এবং জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, রমনা থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি বিকেল ৪টা ২৫ মিনিটে নিশ্চিত করেছেন।
শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি ছিলেন। ২০২৩ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
এর আগে গত ২৫ এপ্রিল শওকত মাহমুদ ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হন ইলিয়াস কাঞ্চন, যিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা। মহাসচিবের দায়িত্বে নিযুক্ত হন শওকত মাহমুদ।
মতামত দিন