অপরাধ
ছবি: সংগৃহীত

রাজনৈতিক সহিংসতায় জামায়াত নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী।

নিজেস্ব প্রতিবেদক:

গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের অন্ধকারে রাজনৈতিক শত্রুতার জেরে এক জামায়াত নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) পৌরসভার গোয়ালপাড়া এলাকায় আপেল মাহমুদ নামে ওই নেতাকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবক হাসানের বিরুদ্ধে।

এলাকাবাসীর ভাষ্য—হাসান নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে থাকে।

আহত আপেল মাহমুদ বাড়াইপাড়া গ্রামের বাসিন্দা ও পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। হামলার সময় তিনি বাড়ি ফেরার পথে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাত প্রায় ৯টার দিকে রাস্তার মোড়ে তর্কাতর্কির একপর্যায়ে হাসান হঠাৎ কুড়াল বের করে দ্রুত আপেলের ওপর আঘাত হানে। তার বাঁ হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে জরুরি চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সাক্ষী মোহাম্মদ আব্দুল মতিন বলেন, “হাসান রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় ঝামেলা করে বেড়ায়। আজকে যা করেছে, তা পুরো গ্রামকে আতঙ্কে ফেলেছে।”

থানা পুলিশের ওসি সারোয়ার আলম খান বলেন, “পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারী ছাত্রলীগ কর্মী কিনা তা এখনো পরিষ্কার নয়। আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

মতামত দিন