মোবাইল আর গেমের জন্য বাড়িতে ডাকাতির নাটক, গ্রেপ্তার তিন কিশোর।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের বাড়িতে ডাকাতির নাটক সাজিয়ে মোবাইল ফোন এবং জনপ্রিয় ফ্রি ফায়ার গেমের আইডি কেনার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে তিন স্কুলছাত্র। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
ঘটনা প্রকাশ্যে আসে, যখন এক কিশোরের পরিবার নতুন মোবাইল কেনার টাকার উৎস জানতে চায়। তখন তিন কিশোর স্বীকার করে, তারা পরিকল্পনা করে বাড়িতে ডাকাতির নাটক সাজিয়েছে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের আটক করে মারধর করলে, তারা পুলিশের কাছে সত্যি বলে দেয়। এরপর পুলিশ তাদের কাছে থেকে উদ্ধার করে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালঙ্কার।
গ্রেপ্তার হওয়া কিশোররা হলো—অষ্টম শ্রেণির শাহরিয়ার (যিনি নিজের বাড়িতে নাটক সাজান), নবম শ্রেণির নাবিল এবং ষষ্ঠ শ্রেণির শাহ আলম। তারা সবাই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, “২৪ নভেম্বর কাঞ্চনে এক কিশোরকে হাত-পা বেঁধে মারধর করা হয়, আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করার অভিযোগে মামলা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিন কিশোর স্বীকার করেছে, মোবাইল ও গেমের জন্য বাড়িতে ডাকাতির নাটক সাজানো হয়েছিল।”
এক গ্রেপ্তার কিশোরের বাবা জানান, “আমার ছেলে কিছু বন্ধুদের প্রভাব নিয়ে মোবাইল এবং গেমের জন্য এমন কাজ করেছে। আমরা বুঝতে পারিনি এত দূর যাবে।”
শুক্রবার রাতে ধরা পড়ার পর শনিবার (৬ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তিন কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন