অপরাধ
ছবি: সংগৃহীত

টঙ্গীতে উড়ালসড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে সকালের ব্যস্ত সময়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান নামে এক বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকালে বিআরটি উড়ালসড়কের টঙ্গী বাজার বাটাগেট অংশে এ ঘটনা ঘটে।

৫৭ বছর বয়সী সিদ্দিকুর বরিশালের বাবুগঞ্জের বাসিন্দা। পরিবার নিয়ে টঙ্গীর মধুমিতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো সেদিনও সকালে কেরানীগঞ্জের অফিসে যাওয়ার জন্য বাসার বাইরে বের হন। উড়ালসড়কে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে।

স্থানীয়দের ভাষ্য—ছিনতাইকারীরা তার মোবাইল ও টাকা নিতে গেলে তিনি বাধা দেন। তখনই তাদের একজন ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত সিদ্দিকুর ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ঘটনার পর একটি মামলা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

মতামত দিন