নরসিংদীর রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ীকে রাতের আধারে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা।
নরসিংদীর রায়পুরা উপজেলায় রাতের অন্ধকারে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাঁশগাড়ীর দিঘিলিয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
পরিবারের সদস্যদের বর্ণনায় জানা যায়, রাতের খাবারের আগে বাড়িতেই ছিলেন প্রান্তুষ। ওই সময় দুজন অজ্ঞাত ব্যক্তি বাড়ির সামনে এসে তাকে বাইরে কথা বলার জন্য ডাকে। প্রান্তুষ তাদের সঙ্গে বের হলে তারা তাকে বিদ্যালয়ের মাঠে নিয়ে যায় এবং সেখানে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
গোলাগুলির শব্দ শুনে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে প্রান্তুষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি হেনা রাণী জানান, “দুজন লোক এসে আমার দেবরকে ডেকেছিল। একজনের মুখ খোলা ছিল, আরেকজনের মুখ কাপড়ে ঢেকে রাখা। মাঠে পৌঁছানোর কিছুক্ষণ পরই তাদের হাতে অস্ত্র দেখি। আমি কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি করে দৌড়ে পালিয়ে যায়।” তিনি বলেন, পরিবারের কোনো শত্রু নেই এবং হত্যাকারীদেরও চিনতে পারেননি।
রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ঘটনাটি পরিকল্পিত। বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করার ধরনের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে—চাঁদাবাজির সঙ্গে বিষয়টি জড়িত থাকতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
মতামত দিন