অপরাধ
ছবি: সংগৃহীত

আখাউড়ায় গাড়ি ভর্তি গাঁজা পাচার,যুবদল নেতাসহ ২ জন গ্রেফতার।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সময় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌরসভার বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম (৪০) এবং গাড়ির চালক গোলাম রাব্বি (২৫)। কামরুল স্থানীয় তারাগন গ্রামের দানু মিয়ার ছেলে। রাব্বি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা গ্রামের বাসিন্দা হলেও আখাউড়া রাধানগর এলাকায় ভাড়া থাকেন।

পুলিশ জানায়, সকালে আখাউড়া-আগরতলা মহাসড়কের বাইপাস অংশে সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সঙ্গে থাকা দুজনকেই ঘটনাস্থলেই আটক করা হয়।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে এনে এই চালান ঢাকায় পাচার করা হচ্ছিল। জব্দ করা হয়েছে ব্যবহৃত প্রাইভেটকারটিও। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে দলীয় পরিচয়ের ব্যক্তির এমন ঘটনায় বিব্রত আখাউড়া উপজেলা বিএনপি। স্থানীয় সিনিয়র নেতারা জানিয়েছেন, মাদকসহ গ্রেফতার হয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় কামরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন