পাবনায় নির্বাচনী সংঘর্ষে অস্ত্রহাতে গুলি ছোড়া সেই জামায়াত কর্মী গ্রেপ্তার।
পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষের ঘটনায় অস্ত্র হাতে থাকা জামায়াত কর্মী তুষার মণ্ডলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) ডিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
তুষার মণ্ডল (২১) ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর চকগড়গড়ি আলহাজ মোড়ে নির্বাচনী সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় তুষার মণ্ডল প্রকাশ্যে অবৈধ পিস্তল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর উভয়পক্ষ ঈশ্বরদী থানায় মামলা দায়ের করে। মামলায় তুষারকে ৬ নম্বর আসামি করা হয়। সংঘর্ষের পর থেকে পলাতক থাকা তুষারকে সোমবার (১ ডিসেম্বর সন্ধ্যায়) সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, যা ঈশ্বরদীর ভেলুপাড়ার বালুতে গোপন রাখা ছিল।
ডিবি পুলিশ অফিসার ওসি রাশিদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তুষারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


মতামত দিন