অপরাধ
ছবি: সংগৃহীত

মেহেরপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান জোরদার।

নিজেস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলায় সোমবার সকালে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলো উচ্ছেদ করতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ অভিযান চালানো হয়েছে। অভিযান চলাকালীন অনুমোদন, লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্রবিহীন ইটভাটাগুলো সনাক্ত করে কার্যক্রম বন্ধ করা হয়েছে।

খুলনা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, মেহেরপুর জেলায় মোট ৮৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪০টি জিগজ্যাগ চিমনির এবং ৪৫টি ফিক্সড চিমনির। সরকারি নির্দেশনা অনুযায়ী ড্রাম চিমনি বা ফিক্সড চিমনির ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং পর্যায়ক্রমে অন্য অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে।

অভিযান চলাকালীন একটি ইটভাটার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং উৎপাদিত ইটও ধ্বংস করা হয়েছে। ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, যারা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

জেলা পরিবেশ অধিদফতরের ইন্সপেক্টর টিপু সুলতান এবং জেলা প্রশাসনের প্রতিনিধি সহ যৌথ টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে। স্থানীয়রা জানান, এই ধরনের অভিযান ভবিষ্যতে পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন