বাউফলে বন বিভাগের অভিযান,সাড়ে ১২ মণ ওজনের অবৈধ ৫টি শাপলা পাতা মাছ জব্দ।
ঢাকা থেকে বাউফলগামী একটি যাত্রীবাহী বাসে করে চোরাপথে আনা হচ্ছিল বিপন্ন প্রজাতির শাপলাপাতা মাছ। শেষ পর্যন্ত বাউফল থানার সামনে অভিযান চালিয়ে মোট ৪৯৮ কেজি, প্রায় সাড়ে ১২ মণ মাছ জব্দ করেছে বন বিভাগ।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে অন্তরা পরিবহনের বাসটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়।গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানায় বন বিভাগ।
বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ জানান, শাপলাপাতা মাছ ধরা বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী এই মাছ ধরা বা বেচাকেনা দণ্ডনীয় অপরাধ। তবুও নিয়ম অমান্য করে ঢাকা থেকে বাউফলে আনার চেষ্টা করা হচ্ছিল।
তিনি বলেন, “তথ্য পাওয়ার পর বাসটি আটক করি। যাচাই করে দেখা যায়, বেশ কয়েকটি বস্তায় ভরা অবৈধ শাপলাপাতা মাছ বহন করা হচ্ছিল। মাছগুলো জব্দ করা হয়েছে, আর যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
ঘটনার পর স্থানীয় পরিবহন কর্মী ও যাত্রীরাও বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন। আইন থাকা সত্ত্বেও নিয়মিতভাবে এভাবে বিপন্ন প্রজাতির মাছ পাচারের চেষ্টা চলায় উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন