মোহাম্মদপুরে সন্ত্রাসী বুনিয়া সোহেলসহ সন্ত্রাসী গ্রুপের তিন সদস্য গ্রেফতার,বিদেশি পিস্তল উদ্ধার।
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী একটি সংগঠিত সন্ত্রাসী চক্রের সদস্য বুনিয়া সোহেল এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। অভিযান চলাকালীন সময়ে তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি দুটি পিস্তল এবং ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বুনিয়া সোহেলকে প্রতিপক্ষের হামলার মুখে পড়ে আহত হওয়ার খবর পায় তারা। তিনটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে হাসপাতাল ও আশপাশের এলাকায় তার দুই সহযোগী নয়ন ও রাব্বিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।সেনাবাহিনীর টহলদল তাদের শনাক্ত করে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ অভিযানে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।
সেনাবাহিনী জানিয়েছে, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় ৩৮ থেকে ৪০টি মামলা রয়েছে। গত এক বছরে মোহাম্মদপুরে তার গ্যাং-এর হাতে অন্তত ৭–৮টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আহত হওয়ার পর তার দুই সহযোগী প্রতিশোধ নেওয়ার জন্য আগ্নেয়াস্ত্র সংগ্রহ করছিল। তবে সেনাবাহিনীর সময়মতো অভিযান ও গ্রেফতারের ফলে বড় ধরনের রক্তপাত এড়ানো সম্ভব হয়েছে।
এই ঘটনায় মোহাম্মদপুরে সেনা ও পুলিশের নিরাপত্তা টহল আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত তিনজনকে মোহাম্মদপুর থানায় আইনগত প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন