রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটে গ্রেফতার ৭২ জন সন্ত্রাসী ও মাদক কারবারী।
রাজশাহীতে পুলিশ তিন দিনের তৃতীয় ধাপে ‘অপারেশন ফার্স্ট লাইট’ পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামি ও মাদক কারবারীসহ ৭২ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
ডিআইজি জানান, শুক্রবার নাটোরের নলডাঙা, সিংড়া ও পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় দেশী ও বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ মাদকসহ অপরাধীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের প্রধান উদ্দেশ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। জেলাগুলোর যে কোনো স্থানে, বিশেষ করে চরাঞ্চল ও দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে সন্ত্রাস দমন কার্যক্রম অব্যাহত রাখবে।
ডিআইজি জানান, অভিযানটি শুধু আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং দীর্ঘমেয়াদে সন্ত্রাস ও মাদকমুক্ত রাজশাহী রেঞ্জ গঠনের উদ্যোগ হিসেবেও নেওয়া হয়েছে। স্থানীয়দের নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।

মতামত দিন