মেহেরপুরে অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার।
নিজেস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনীতে সোমবার (২৪ নভেম্বর) ভোরে সেনাবাহিনী অভিযান চালিয়ে মনিরুজ্জামান মনি নামে এক যুবদল নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। তিনি গাংনী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক।
সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনিরের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অনুসন্ধানের সময় তার ছাদের ওপর থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মনিরকে আটক করা হয় এবং বিষয়টি গাংনী থানায় জানানো হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সেনাবাহিনী অস্ত্রসহ মনিরকে থানায় সোপর্দ করেছে। পরে নিয়মিত অস্ত্র মামলার প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, মনিরুজ্জামান মনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাকে গ্রেফতারের সময় আশপাশের এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের টহলও ছিল। ঘটনা নিয়ে এলাকায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সেনাবাহিনী ও থানা সূত্রে আরও জানানো হয়েছে, মনিরের বিরুদ্ধে আরও গোপন তথ্য যাচাই করা হচ্ছে। অনুসন্ধান চালিয়ে দেখা হচ্ছে তার অবৈধ অস্ত্র ও গোপন সরঞ্জামের উৎস। ভবিষ্যতে এ বিষয়ে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।

মতামত দিন