মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহিন গ্রেপ্তার।
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছে কুখ্যাত ছিনতাইকারী পাঁয়তারা শাহিন (২৫)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, শাহিন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয়ভাবে তৈরি একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এসআই নাজমুল আরও জানান, শাহিন দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, ভয়ভীতি ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনের গ্রামের বাড়ি হবিগঞ্জের শিবপুরে। ঢাকায় তিনি রায়েরবাজারের প্রেমতলা গলিতে একটি বাসায় ভাড়া থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন।
মতামত দিন