অপরাধ
ছবি: সংগৃহীত

অভিনেতা এ আর মন্টুর বাসায় যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৪।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ চারজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গভীর রাতে গাজীরচটের মাটির মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩)।

যৌথ বাহিনীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতের নীরবতা ভেঙে এলাকাজুড়ে ফাঁকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে আর্মির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মন্টুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, চারটি দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা, গাঁজা, দেশীয় মদ এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে গাজীরচট এলাকায় অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী একটি চক্র স্থানীয় সহযোগীদের নিয়ে ত্রাস সৃষ্টি করে রেখেছিল। বৃহস্পতিবার রাতে পরপর গুলির শব্দ শোনার পর জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল স্থানীয়দের সহায়তায় অভিযান চালায় এবং চারজনকে আটক করে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যৌথ বাহিনী আরও তল্লাশি চালিয়ে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার করে। আটক ব্যক্তিদের উদ্ধারকৃত সামগ্রীসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন