অপরাধ
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে হাত-পা বাঁধা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে এক বৃদ্ধ কৃষককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হাত, পা ও গলায় দড়ি বাঁধা অবস্থায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম ইসাহাক আলী (৭০)। তিনি ওই গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে গ্রামসংলগ্ন ঠাকুর খাল এলাকার ধানক্ষেতে কিছু কৃষক কাজ করতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।সকাল ১০টা পর্যন্ত লাশটি মাঠে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রতিবেশীরা বললেন, ইসাহাক আলী শান্ত-স্বভাবের মানুষ ছিলেন। প্রায় দেড় দশক আগে স্ত্রী মারা যাওয়ার পর তিনি আর বিয়ে করেননি। “কেন, কীভাবে এমন নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হলো, আমরা বুঝে উঠতে পারছি না,” বলেন তিনি।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা পা বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করেছে। ইতিমধ্যে ঝিনাইদহ সদর থানা পুলিশ, সিআইডি ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, জমিজমা নিয়ে নিহতের দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে অন্য কোনো পারিবারিক বা সম্পর্কজনিত কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন