অপরাধ
ছবি: সংগৃহীত

লোহাগড়ায় ধান মাড়াই নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৭।

নিজেস্ব প্রতিবেদক:

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের সাতজন আহত হন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে রয়েছেন নওশের মোল্যা সমর্থিত প্রিন্স শেখ (২৬) ও বিপুল মোল্যা (৪০), আর মজিবর মেম্বার সমর্থিত পক্ষের রানা মোল্যা (৩০), রাসেল মোল্যা (৩০), রাফিন (১৬), সৌরভ (১৪) ও মিল্টন মোল্যা (৩০)।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নওশের মোল্যা ও মজিবর মেম্বারের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার ধান মাড়াইয়ের সময় ধুলাবালি একপক্ষের ঘরে ঢুকে পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই বিপুল ও মিল্টনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। টেঁটাবিদ্ধ বিপুল মোল্যাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মতামত দিন