অপরাধ
ছবি: সংগৃহীত

ডলফিন পদ্মার সব ইলিশ খাচ্ছে বলে শুশুক হত্যা, ভাইরাল ভিডিও।

নিজেস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার খোকসা উপজেলার পদ্মার তীরে মৃত শুশুক হাতে নিয়ে তৈরি এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একজন যুবক মৃত প্রাণীটি দেখিয়ে বলেন, “এই ডলফিন পদ্মার সব ইলিশ খাচ্ছে, তাই ধরেছি।

” তিনি আরও বলেন, “এর নাম ডলফিন।”

ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে মন্তব্যে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত।

পরিবেশবিদ ও সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বিনোদনের নামে এমন আচরণ দুঃখজনক। তারা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন।

কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তা মো. রেজাউল আলম বলেন, “শুশুক একটি স্তন্যপায়ী জলজ প্রাণী, যা মূলত মিঠা পানিতে বাস করে এবং বিলুপ্তপ্রায় প্রজাতির তালিকায় রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর আওতায় এটি সংরক্ষিত। হত্যা বা অবৈধভাবে আটকানো বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।”

ভিডিও নির্মাতা সাদ্দাম হোসেন জানিয়েছেন, “সোমবার বিকেলে জেলেরা শুশুকটিকে স্থানীয়ভাবে তৈরি ভ্যানে নিয়ে যাচ্ছিল। আমি মৃত অবস্থায় এটি পেয়ে ভিডিও করেছি। আমি কেবল কনটেন্ট বানিয়েছি।”

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মইনুল ইসলাম বলেন, “বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতনরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শুশুক দ্রুত সংরক্ষণ না করলে এটি দেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। তারা আইনের কঠোর প্রয়োগ এবং জনগণকে সচেতন করার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন