‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে কৌশলে অপহরণ ছয় দিন পর উদ্ধার শিশু,গ্রেফতার ৩।
রাজধানীর মিরপুর থেকে অপহৃত চার বছরের এক শিশুকে ছয় দিন পর কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় মূল আসামিসহ তার দুই স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায়, গত ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর ১১ নম্বর এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
র্যাবের দাবি, অপহরণকারীরা কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘আবিষ্ট পদ্ধতি’ ব্যবহার করে শিশুটিকে সম্মোহিত করে নিয়ে যায়। পরে ২ লাখ ৫০ হাজার টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের।
এছাড়া, জ্বীনের বাদশা পরিচয়ে শিশুটির পরিবারের কাছ থেকেও কয়েক হাজার টাকা হাতিয়ে নিয়েছিল চক্রটি। র্যাব জানিয়েছে, গ্রেফতার তিনজনই সংঘবদ্ধ অপহরণচক্রের সদস্য, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মতামত দিন