অপরাধ
ছবি: সংগৃহীত

গাজীপুরে বিপুল অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাগ্নে আটক।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের নাওজোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতির ভাই তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৩০ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটক তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিক (২৭) গাজীপুর সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মধ্যরাতে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে নাওজোড় এলাকায় অভিযান চালায়। এসময় তসলিম সিরাজ ও তার ছেলে মুশফিককে আটক করা হয়। তাদের বাড়ি থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাদের বাসন থানায় হস্তান্তর করা হয়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

মতামত দিন