খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে ৪হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার।
সেনা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এলাকাটিতে অভিযান চালায়। নদীপথে কাঠ বোঝাই নৌকা ও ভেলায় করে পাচারের প্রস্তুতি চলছিল। সেনা উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থান থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ি অঞ্চলে অবৈধভাবে গাছ কেটে কাঠ পাচার এবং এ কার্যক্রমে সশস্ত্র সংগঠন ইউপিডিএফের সম্পৃক্ততা রয়েছে বলে তাদের ধারণা। প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাচারকৃত কাঠগুলোর একটি বড় অংশ স্থানীয় পাহাড়ি জঙ্গল থেকে কেটে আনা হয়েছিল। উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী আরও জানিয়েছে, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ চোরাচালান, মাদক ও অস্ত্র বাণিজ্য প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কিছু অসাধু ব্যবসায়ী কাঠ পাচারের সঙ্গে জড়িত। নিয়মিত সেনা অভিযান এবং বন বিভাগের নজরদারি বৃদ্ধি পেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ইউপিডিএফ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে ঘিরে অবৈধ বাণিজ্য, চাঁদাবাজি ও কাঠ পাচারের ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে। নিরাপত্তা বাহিনীর নিয়মিত অভিযানেই এসব অপরাধের লাগাম টানতে আংশিক সফলতা এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মতামত দিন