রাজধানীর রায়েরবাজারে সেনা অভিযানে ‘পাটালি গ্রুপ’-এর ১০ সদস্য আটক।
গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়, সাম্প্রতিক সময়ে ‘পাটালি গ্রুপ’-এর সদস্যরা এলাকায় পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠেছে। এ তথ্যের ভিত্তিতে সেনা টহল দল দ্রুত রায়েরবাজারে অভিযান চালায়।
অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন গ্যাং সদস্য খালে লাফ দিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই ১০ জনকে আটক করা হয়।
আটকদের পরিচয় জানা গেছে— শপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০), আকতার (২০) ও গ্রুপের অন্যতম নেতা নায়েম (২২)।
স্থানীয়দের অভিযোগ, এই গ্রুপ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। সেনা বাহিনীর অভিযানে তাদের আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, “রায়েরবাজার এলাকার কয়েকজন বাসিন্দা সেনাবাহিনীর হটলাইনে ফোন করে ‘পাটালি গ্রুপ’-এর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১০ জনকে আটক করি। এদের মধ্যে কিছু ব্যক্তি আগে গ্রেফতার হয়ে জামিনে মুক্ত ছিল।”
স্থানীয়রা জানান, সেনা সদস্যদের দ্রুত পদক্ষেপে এলাকায় আবারও শান্তি ও নিরাপত্তার পরিবেশ ফিরতে শুরু করেছে।

মতামত দিন