শাহজাদপুরে প্রবাস ফেরত যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।
সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়কের পাশ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের পূর্ব চরেকৈজুরি এলাকায় এ মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
নিহতের নাম সিরাজুল মণ্ডল (২৫)। তিনি গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফেরেন। মঙ্গলবার সন্ধ্যার পর অজ্ঞাত এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়; এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ভোরে নামাজে যাওয়ার পথে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে তার মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার ওসি মো. আছলাম আলী বলেন, “ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সিরাজুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িতদের শনাক্ত করা হবে।”

মতামত দিন