অপরাধ
ছবি: সংগৃহীত

ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী।

নিজেস্ব প্রতিবেদক:

নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় আগুনে পুড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিনা বেগম (৩৮) ও তার ছেলে ফরহাদ (১৫)। পারিবারিক বিরোধের জেরে স্বামী ফরিদ মিয়া নিজের পরিবারকেই আগুনে পুড়িয়ে দেন বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে রিনা বেগম ও দুপুরে ফরহাদ মারা যান। দুজনের শরীরেই ভয়াবহ দগ্ধের চিহ্ন ছিল—রিনার ৫৮ শতাংশ ও ফরহাদের প্রায় ৪০ শতাংশ।

দগ্ধ অবস্থায় রিনার ছোট ছেলে তাওহিদ (৭) এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের ১৬ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন রিনার বড় ছেলে জিহাদ, বোন সালমা ও ভাগ্নে আরাফাত।

পুলিশ জানায়, ২২ অক্টোবর রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ফরিদ মিয়া। আগুনে পুড়ে আহত হন ছয়জন। পরে রিনার মা হোসনা বেগম বাদী হয়ে মামলা করলে ২৫ অক্টোবর রাতে রায়পুরার বারৈচা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় ফরিদকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাচেষ্টার মামলা ছিল, তবে এখন নিহত দুজনের মৃত্যুর পর মামলা হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে।

মতামত দিন