শেরপুরে স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের সন্দেহে ছোট ভাইয়ের রামদার কোপে বড় ভাইয়ের মৃত্যু।
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে বড় ভাই একাব্বর মিয়া (২৮) নিহত হয়েছেন। অভিযোগ, তার ছোট ভাই ফারুক মিয়া তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত একাব্বরের সাথে ফারুক মিয়ার স্ত্রী মাকসুদা বেগমের পরকীয়া সম্পর্কের সন্দেহ চলছিল। বিষয়টি পরিবারে প্রকাশিত হওয়ার পর দুই ভাইয়ের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব সৃষ্টি হতো। মঙ্গলবার সকালে ফারুকের স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে ঘটনায় একাব্বরও জড়িয়ে পড়েন। ক্ষিপ্ত ফারুক একাব্বরকে কোপ দেন, গুরুতর আহত অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একাব্বরের মৃত্যু হয়।
শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, “রোগীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়। শরীরে গভীর কোপের ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।”
ওসি জুবায়দুল আলম বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

মতামত দিন