কক্সবাজারে বিশেষ অভিযানে দেশিয় তৈরি অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক।
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশিয় তৈরি তিনটি বন্দুক ও পাঁচটি গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযান মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে মোহাম্মদ শাহঘোনা এলাকায় পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—কালারমারছড়ার ছামিরাঘোনা এলাকার মৃত মনসুর আলমের ছেলে মো. তারেক (২২), মৃত মো. শাহ আলমের ছেলে মো. ফারুক (১৯) এবং মৃত আব্দুস সালামের ছেলে সালাউদ্দিন বা কামাল উদ্দিন (২৬)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক জানান, পুলিশ খবর পেয়ে ভোরে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭ থেকে ৮ জন পালানোর চেষ্টা করলেও ৩ জনকে আটক করা সম্ভব হয়। অভিযানস্থল থেকে দেশিয় তৈরি তিনটি বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
ওসি মঞ্জুরুল হক আরও জানান, আটকরা চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্র, ডাকাতি ও মৎস্যঘের দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

মতামত দিন