খুলনার দৌলতপুর পারভেজ হাওলাদার ও সুপর্না সাহার হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড।
খুলনার দৌলতপুরে পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলায় আদালত সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন সহকারী বেঞ্চ সদস্য শুভন্দু রায় চৌধুরী।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। খালাস পেয়েছেন কুটি ও শামীম।
জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। তাকে রক্ষা করতে গিয়ে স্থানীয়রা আহত হন, হাসপাতালে নেওয়ার পর সুপর্না সাহা মারা যান। পারভেজের বাবা নিজাম উদ্দিন ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানিয়েছেন, আসামির মধ্যে ৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাকি ২ জনকে খালাস দেওয়া হয়েছে।
মতামত দিন