অপরাধ
ছবি: সংগৃহীত

দৌলতপুরে দুই বাড়িতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, তদন্তে পুলিশ।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনার দৌলতপুরে ভোররাতে দুইটি বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। কুয়েটের কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়িতে ছয় রাউন্ড এবং একই এলাকার ব্যবসায়ী মেহেদির বাড়িতে নয় রাউন্ড গুলি ছোড়া হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে আসা হেলমেটধারী কয়েকজন ব্যক্তি মহসিনের বাড়ির সামনে থামে। কিছুক্ষণ পর তারা প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তার রুম লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা জানান, গুলিতে মহসিনের রুমের জানালা ও থাই গ্লাস ভেঙে গেছে। ঘটনার সময় মহসিন ফজরের নামাজে মসজিদে ছিলেন, আর ঘরে ছিলেন তার স্ত্রী কামরুন নাহার ও দুই সন্তান।

দৌলতপুর থানার ওসি মো. রফিক ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মেহেদির বাড়িতেও নয় রাউন্ড গুলি চালানোর প্রমাণ মিলেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মতামত দিন