অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মধ্যরাতে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় সোমবার রাত গভীর সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ছাত্রদল কর্মী প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরও কমপক্ষে আটজন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে। নিহত যুবকের নাম মো. সাজ্জাদ (২২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা, কিন্তু নগরের তক্তারপুল এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। পরিবার সূত্রে জানা যায়, সাজ্জাদ ছাত্রদলের সক্রিয় সদস্য এবং নগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, চট্টগ্রাম মহানগরের এমদাদুল হক বাদশা ও বোরহান গ্রুপের মধ্যে টানানো ব্যানার খুলে ফেলা নিয়ে বিরোধই সংঘর্ষের মূল কারণ।

সাজ্জাদের বড় ভাই মো. ইমরান জানান, “আমার ভাই বাড়িতে ছিল। মোবারক নামে একজন তাকে ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই গুলির শব্দ শোনা যায়। পরে শুনি, হাসপাতালে পৌঁছে সে মারা গেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের এই সময়ে বাদশা গ্রুপ ব্যানার নামাতে গেলে বোরহান গ্রুপ বাধা দেয় এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গোলাগুলি শুরু হয়। এতে সাজ্জাদসহ অন্তত ৮–১০ জন গুলিবিদ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে, আর কয়েকজনের চিকিৎসা চলমান।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ব্যানার নিয়ে দ্বন্দ্ব থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, “একজন নিহত হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।”

মতামত দিন