টেকনাফে মানব পাচার চক্রের বিরুদ্ধে অভিযান: উদ্ধার১৪ জন ,আটক ৩।
টেকনাফের দক্ষিণ লম্বরী ও নোয়াখালীপাড়ায় পরিচালিত এক যৌথ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪ জন জিম্মিকে উদ্ধার করেছে। এ সময় মানব পাচার চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
বিজিবি অধিনায়ক লেফট্যান্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, শনিবার রাতে দুটি পৃথক অভিযানে জিম্মিদের উদ্ধারের পাশাপাশি পাচার চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয়। নোয়াখালীপাড়ার আবু তাহেরের বাড়িতে অভিযান চালিয়ে ৬ জন জিম্মিকে উদ্ধার করা হয়। সেই সময় আবু তাহের (৬৯) এবং তার স্ত্রী দিলদার বেগম (৩৮)কে আটক করা হয়েছে।
দক্ষিণ লম্বরী এলাকায় আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে আরও ৬ জনকে উদ্ধার করা হয়। ওই বাড়ির মালিক মোহাম্মদ শফি (৩২)কে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, অন্য পাচারকারী সদস্যরা কৌশলে পালিয়ে গেছে।
অধিনায়ক আশিকুর রহমান বলেন, “মানব পাচার বিরোধী অভিযানগুলোই বিজিবির দৃঢ় অবস্থানের প্রতীক। টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত কোনো অপরাধীর জন্য নিরাপদ স্থান নেই। আমাদের ধারাবাহিক নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধার হওয়া ১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিজিবি জানায়, অভিযানগুলো গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
মতামত দিন