অপরাধ
ছবি: সংগৃহীত

সোনাইমুড়ীতে মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার একটি কওমি মাদ্রাসায় ১৩ বছর বয়সী নাজিম উদ্দিনকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নাজিম হেফজ বিভাগের আবাসিক ছাত্র এবং জাহানাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রবিবার (২৬ অক্টোবর) রাতে এশার নামাজ শেষে ছাত্ররা নিজের কক্ষে ফিরে যায়। কিন্তু ভোরে ফজরের নামাজের সময় সহপাঠীরা নাজিমকে রক্তাক্ত অবস্থায় একটি কক্ষে পড়ে থাকতে দেখেন। ঘটনাটি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। সহপাঠীদের মধ্যে বিরোধ, ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো অভ্যন্তরীণ কারণ ঘটনার পেছনে থাকতে পারে। এ ঘটনায় আবু সাঈদ (১৭) নামে এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুম মুর্তজা বলেন, “আমি কয়েকদিন ধরে ছুটিতে আছি। আমাদের মাদ্রাসার ইতিহাসে এমন ভয়াবহ ঘটনা ঘটেনি। এমন নিষ্ঠুরতা আমাদের কল্পনার বাইরে।”

সোনাইমুড়ী থানার কর্মকর্তা মোরশেদ আলম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত তৎপর রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

মতামত দিন