অপরাধ
ছবি: সংগৃহীত

শৈলকুপায় শ্বশুরের বঁটির কোপে গৃহবধূ নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে শ্বশুরের বঁটির আঘাতে লিমা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) ভোরে এই ঘটনা ঘটে।

নিহত লিমা ওই এলাকার মজনু শেখের স্ত্রী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত শ্বশুর মুকুল শেখকে আটক করেছে।

স্থানীয়দের ভাষ্য, সকালে বাড়ির উঠানে কাজ করছিলেন লিমা। এ সময় হঠাৎ শ্বশুর মুকুল শেখ তার ওপর বঁটি দিয়ে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা লিমাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই গৃহবধূর মৃত্যু হয়। তার বুকের ওপর ধারালো অস্ত্রের গভীর ক্ষত ছিল, যা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক শ্বশুর মুকুল শেখ মানসিকভাবে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মতামত দিন