খুলনায় রেল কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার।
খুলনার খানজাহান আলী থানার আটরাগিলাতলা এলাকায় রেললাইনের নিচে একটি কালভার্ট থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহত যুবকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বাম হাত ভাঙা,মাথার পেছন ও মুখে আঘাতের দাগসহ থুতনিতে গভীর ক্ষত পাওয়া গেছে।
পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। ঘটনাস্থল থেকে সিআইডি ও পিআইবির সদস্যরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। তাদের ধারণা, তাকে হত্যা করে কালভার্টের নিচে ফেলে রাখা হয়েছে।
খানজাহান আলী থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, “স্থানীয়দের খবরের পর আমরা রেলের কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করি। এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।”
মতামত দিন