ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, পোশাক ও গরু জব্দ।
ফেনী সীমান্তে বিজিবি এক নজিরবিহীন অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি, তৈরি পোশাক এবং গরু জব্দ করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিজিবি-৪ সদর দফতরে সংবাদ বিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়। বিজিবি জানায়, ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকায় একাধিক তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে আটককৃত চোরাচালান মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।
ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, “বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য পাচার রোধ এবং জাতীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ১২০.০৯ কিলোমিটার বিস্তৃত। এখানে ১৭টি বিওপি সীমান্তে নজরদারি চালিয়ে চোরাচালান প্রতিরোধ করছে।”
উল্লেখ্য, বিজিবির উত্তর-পূর্ব রিজিয়নের অধীনে ইউনিটগুলো ২০২৪ সালে ৭৫৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮২ টাকার চোরাচালান মালামাল জব্দ করেছে এবং ৪২৪ জনকে আটক করেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সীমান্তবর্তী এলাকায় ৩৭০ জনকে আটক করা হয়েছে এবং ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪ হাজার ২০২টি গরু, ১ হাজার ২৮৬টি মহিষ, ২ হাজার ৫৬৯টি মোবাইল ফোন, ২ লাখ ৬ হাজার ১৩৯ ঘনফুট পাথর, ২১ হাজার ২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১ লাখ ৪৬ হাজার ৩১৮ কেজি চিনি, ১ লাখ ৫৩ হাজার ১২৯ কেজি জিরা, ৮২ হাজার ৭১০ পিচ শাড়ি এবং ৭ হাজার ৪১৯টি যানবাহন।
এর পাশাপাশি সরাইল রিজিয়নের অধীনে মাদকবিরোধী অভিযানে ৭৮ হাজার ২৫৪ বোতল মদ, ২৪ হাজার ৭৬৩ বোতল ফেনসিডিল, ২ লাখ ৮০ হাজার ১৪৪ পিচ ইয়াবা, ৯ হাজার ৮৬ ক্যান বিয়ার ক্যান এবং ১৪ হাজার ৬৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ অভিযানে মাদক পাচারকারীদের গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধেও সতর্ক রয়েছে। ২০২৫ সালে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের ৯টি অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মতামত দিন