অপরাধ
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে মাটি ব্যবসায়ীকে ইট দিয়ে পিটিয়ে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সোনাইমুড়িতে এক মাটি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তিনজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সোনাইমুড়ি পূর্বপাড়া আবেদ ভুঁইয়া বাড়ির সামনে সংঘটিত হয় এই ঘটনা। নিহত আবুল কাশেম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবেদ ভুঁইয়া বাড়ির দুধ মিয়ার ছেলে এবং তিনি মাটি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—হাবিবুল্লাহ ডাক্তার বাড়ির মাইনউদ্দিন, তার ছেলে রাকিব এবং জমাদার বাড়ির আবুল খায়ের মাস্টার।

স্থানীয়দের মতে, ঘটনা শুরু হয়েছিল রোববার (১৯ অক্টোবর) আবেদ ভুঁইয়া বাড়ির মসজিদের সামনে ক্রিকেট খেলার সময় জমাদার বাড়ির খায়ের মাস্টার ও ফরহাদের মধ্যে বাক্যালাপের উত্তেজনা থেকে। শুক্রবার জুমার নামাজের পর সালিশ বসার কথা থাকলেও বৈঠক হয়নি। পরে ফরহাদ আবার খেলতে গেলে তার সঙ্গে রাহাত, সজীব ও জসিমের বিবাদ বাঁধে।

পরে কাশেম ও তার ছেলে সোহাগ বাধা দিতে গেলে আবুল খায়ের মাস্টার ও তার সহযোগীরা ইট নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে খায়েরের ছেলে আনোয়ার, ফারুক, জাহাঙ্গীরসহ কয়েকজন ইট দিয়ে কাশেমকে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়।

স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে কাশেমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানিয়েছেন, “ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের ছেলে থানায় হত্যা মামলা করেছে।”

মতামত দিন