চলন্ত সিএনজিতে ছিনতাই, চালকের প্রাণপণ লড়াই ভিডিও ভাইরাল।
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে। ছিনতাইকারীদের হাত থেকে নিজের বাহন বাঁচাতে পেছনে ঝুলে থাকা চালকের সাহসী প্রতিরোধের দৃশ্য এখন ভাইরাল ভিডিও।
ভিডিওটি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতের দিকে ফেসবুকে পোস্ট করেন কক্সবাজারগামী এক যাত্রী নাজির উদ্দিন শাহ। তিনি লেখেন, ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায়। কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।
দৃশ্যটিতে দেখা যায়, দ্রুতগামী সিএনজির পেছনে এক যুবক প্রাণপণ ঝুলে আছেন। ভেতরে থাকা দুই ব্যক্তি বারবার দরজা খুলে তাকে ছুরিকাঘাতের চেষ্টা করছে। চালক দিক পরিবর্তন করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। একপর্যায়ে দেখা যায়, সিএনজির ভেতরে থাকা একজন তার দিকে একটি মোবাইল ফোন ছুড়ে দেন।
ভিডিওর সূত্র বা নির্ভুল অবস্থান এখনও নিশ্চিত না হলেও বিষয়টি তদন্তে নিয়েছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, “ভিডিওটি আমরা পেয়েছি, ঘটনাস্থল শনাক্তে কাজ চলছে। তবে কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি।”
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনাই মনে হচ্ছে। মদনপুর সিএনজি স্ট্যান্ড ও আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট অটোরিকশা বা ছিনতাইকারীদের এখনো চিহ্নিত করা যায়নি।”

মতামত দিন