অপরাধ
ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যা মামলয়: আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে রমনা থানা পুলিশ। এ বিষয়ে দেশের সব বিমান ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে থানা কর্তৃপক্ষ।

পুলিশ সূত্র জানায়, মামলাটি বর্তমানে আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন। তদন্তের স্বার্থে কোনো আসামি যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে রমনা থানা থেকে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক সময় সংবাদকে বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অকালপ্রয়াত হন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুকে প্রথমে আত্মহত্যা বলে দাবি করেন স্ত্রী সামিরা হক। তবে সালমান শাহর পরিবার শুরু থেকেই এই দাবি অস্বীকার করে আসছে, তাদের অভিযোগ— সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দীর্ঘদিন অপমৃত্যু মামলার তদন্ত চলার পরও বারবার তদন্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ করা হলে সালমান শাহর মা নীলা চৌধুরী তা প্রত্যাখ্যান করে রিভিশনের আবেদন করেন। পরবর্তীতে গত ২০ অক্টোবর আদালত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন।

আদালতের নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপরই সক্রিয় হয় পুলিশ। পুনঃতদন্তে নতুন তথ্য ও সাক্ষ্য-প্রমাণ যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

এই মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্যান্য আসামিরা হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদ।

মতামত দিন