ময়মনসিংহে চালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই।
ময়মনসিংহে অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ভাটিবাড়েরা বাইপাস এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুদ মিয়া (৩৮) ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার খোরশেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে তিনি শহরের আকুয়া এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত সাড়ে ১০টার দিকে ভাটিবাড়েরা বাইপাস সড়কে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্বৃত্তরা মাসুদ মিয়াকে নটর ডেম কলেজ সড়কের পাশের নির্জন স্থানে কুপিয়ে অটোরিকশা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় মাসুদ দৌড়ে বাইপাস সড়কে আসে এবং সেখানেই মৃত্যু হয়।
পরবর্তী সময়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল ও হাসপাতালের মর্গ থেকে আলামত সংগ্রহ করে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মতামত দিন