সিরাজগঞ্জে দাদিকে গলা কেটে হত্যা করল নেশাগ্রস্ত নাতি।
সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার চকবরু ভেংড়ী গ্রামে নিজের ঘরে গলাকাটা অবস্থায় নিহত হয়েছেন সন্দেশ বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধা। পুলিশ জানিয়েছে, হত্যার অভিযোগে তার নাতি সজীব আলীকে আটক করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে এ ঘটনাটি ঘটে। নিহত সন্দেশ বেওয়া মৃত নওশের আলীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, রাতে বৃদ্ধার ঘর থেকে হঠাৎ চিৎকারের শব্দ শোনা যায়। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। এরপর খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই সজীব আলীকে আটক করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার প্রভাবে সজীব নিজের দাদিকে হত্যা করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মতামত দিন