অপরাধ
ছবি: সংগৃহীত

সালমান শাহ হত্যার নতুন অধ্যায়: ৩০ বছর পর মামলা পুনরায় শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

প্রখ্যাত ঢালিউড অভিনেতা সালমান শাহর রহস্যময় মৃত্যুর তিন দশক পেরিয়ে আবারও আদালতের নজরে এসেছে। এবার তার মৃত্যুকে কেন্দ্র করে নতুন হত্যা মামলা দাখিল করা হয়েছে।

সোমবার রাতে ঢাকার রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম পুলিশকে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ১৯৯৬ সালে অভিনেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। মামলায় প্রধান আসামি হিসেবে নাম এসেছে তার স্ত্রী সামিরা হকসহ আরও ১০ জনের, যাদের মধ্যে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন রয়েছেন। কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে একই দিনে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মামলাটিকে পুনঃতদন্তের নির্দেশ দেন এবং পূর্বের অপমৃত্যু মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ জারি করেন। এরপর আলমগীর কুমকুম থানায় গিয়ে নতুন মামলা দায়ের করেন।

সালমান শাহর পরিবার এবং আইনজীবীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে,অভিনেতার মৃত্যু আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যা হিসেবে দেখলেও পরিবার তা কখনো মানেননি।

আলমগীর কুমকুম বলেন, “সালমান শাহর বাবা দীর্ঘদিন চেষ্টা করেছেন হত্যার মামলা করা যায় কি না তা দেখার জন্য। জীবদ্দশায় সম্ভব হয়নি, কিন্তু এতদিন পর শেষমেশ এটি বাস্তবায়ন হয়েছে। আশা করি সত্য সামনে আসবে।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে অভিনেতার বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর থেকেই মৃত্যু নিয়ে নানা জল্পনা চলছিল—এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এবার নতুন তদন্তের মাধ্যমে ভক্তরা আশা করছেন, সালমান শাহর রহস্যময় মৃত্যুর সত্য উদঘাটিত হবে।

মতামত দিন