রাজশাহীর চারঘাটে জমি বিরোধে ভাতিজাদের হাতে চাচা খুন।
রাজশাহীর চারঘাটে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মোস্তফা শেখ (৪৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় মোল্লাপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সমেতউল্লাহ শেখের দুই স্ত্রী ছিলেন। এক স্ত্রীর সন্তান রহমতউল্লাহ শেখ, অপর স্ত্রীর সন্তান মোস্তফা শেখ, মুনজিল শেখ, ফজেল শেখ ও এন্দা শেখ। সমেতউল্লাহ মারা যাওয়ার পর তার জমি এখনও ভাগ হয়নি, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে।
দেড় বিঘা আয়তনের একটি পুকুরে মোস্তফারা মাছ চাষ করলেও রহমতউল্লাহর পরিবারকে ভাগ দেওয়া হয়নি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল কয়েক দিন ধরে। মঙ্গলবার সকালে রহমতউল্লাহর ছেলেরা পুকুরের ভাগ বুঝে নিতে গেলে মোস্তফা শুক্রবার বসার প্রস্তাব দেন। পরে বাজারে যাওয়ার পথে মোস্তফার ভাই মুনজিলকে মারধর করে রহমতউল্লাহর ছেলেরা।
ঘটনার পর মোস্তফার পরিবার থানায় অভিযোগ দিতে গেলে বেলা সাড়ে ১২টার দিকে দাওয়াত খেতে বের হন মোস্তফা শেখ। পথে ভাতিজারা তাকে ঘিরে ফেলে এবং ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে লিটন শেখ, জাদু শেখ ও এনামুল শেখকেও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত তিনজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, মোস্তফার বাড়ির সামনে এখনও রক্তের দাগ লেগে আছে। হত্যার পর থেকে অভিযুক্তরা পলাতক।
স্থানীয় নারী বিনা বেগম বলেন, “জমি নিয়ে আগেও অনেক ঝামেলা হতো, পুলিশও আসত। কিন্তু এমন ঘটনা ঘটবে, কেউ ভাবেনি।”
চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”

মতামত দিন