অপরাধ
ছবি: সংগৃহীত

কমলাপুর রেলস্টেশনে ধারালো চাপাতি নিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনায় যুবক গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ধারালো চাপাতি হাতে ‘শক্তি প্রদর্শন’ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর শাহ আলী শিকদার (৩৫)কে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে জেলা সোমবার (২০ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে ১৯ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, শাহ আলী শিকদার দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত এবং জনবহুল এলাকায় আতঙ্ক সৃষ্টির মাধ্যমে ত্রাস তৈরি করতেন। জিজ্ঞাসাবাদে তিনি পূর্বে কারাদণ্ড ভোগের কথাও স্বীকার করেছেন।

ঘটনার সূত্রপাত ১৫ অক্টোবর রাতে, যখন কমলাপুর স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে চলাচলরত যাত্রীদের সামনে শাহ আলী হঠাৎ চাপাতি বের করে ‘শক্তি প্রদর্শন’ করেন। এ ঘটনা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পরে রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মতামত দিন