অপরাধ
ছবি: সংগৃহীত

আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন: তৌহিদ আফ্রিদি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার আদালত ২৪ জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন হত্যাচেষ্টা মামলায় আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখিয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে তাদের আদালতে হাজির করা হয়।

আদালত কক্ষে নেওয়ার সময় তৌহিদ সাংবাদিকদের বলেন, “আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন।” এ সময় তিনি হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিধান করেছিলেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া খান রোববার (১৯ অক্টোবর) তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২০ জুলাই কোটা আন্দোলনের মিছিলে অংশ নেওয়া বাদী মো. দুর্জয় আহম্মেদ বাড্ডা থানার মধ্যবাড্ডা পোস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। সে সময় আসামিদের নির্দেশে তাদের অনুসারীরা অনিয়মিত অস্ত্র ব্যবহার করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বাদীর দুই চোখ অন্ধ হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি প্রথমে এ এম জেড হাসপাতালে এবং পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ২০ নভেম্বর বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ মোট ৯০ জনকে আসামি করা হয়েছে।

মতামত দিন