মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়ে সিসিটিভি ক্যামেরার ব্যাটারি-ইউপিএস চুরির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর অংশে স্থাপিত বিশেষায়িত সিসিটিভি ক্যামেরার ব্যাটারি ও ইউপিএস চুরির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। রোববার জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এই তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন—মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইব্রাহীম ওরফে কুট্টি ওরফে রাজা (৩০), জনি শেখ (২৯),দক্ষিণ কেরানীগঞ্জের মো. শহিদ (৫০), ঢাকার কদমতলির মো. আব্দুস সালাম (৩৫) ও মো. মিলন শেখ (৪০)।
পুলিশ জানিয়েছে, চলতি বছরের আগস্ট ও অক্টোবরে শ্রীনগর থানাধীন এক্সপ্রেসওয়ে নিরাপত্তার জন্য স্থাপিত ১৮টি সিসিটিভি ক্যামেরার ব্যাটারি ও ইউপিএস চুরি করা হয়। এই ঘটনায় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ শ্রীনগর থানায় মামলা দায়ের করে।
ডিবি পুলিশ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে মূল হোতা ইব্রাহীমকে ঢাকার এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনের চালতিপাড়া ব্রিজ থেকে আটক করে। তার দেওয়া তথ্যে পুলিশ পরে মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার জানান, আসামিদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং চুরি হওয়া বাকি যন্ত্রাংশ উদ্ধারের চেষ্টা চলছে।

মতামত দিন