অপরাধ
ছবি: সংগৃহীত

বগুড়ায় মা–ছেলেকে হত্যার এক মাস পর তিন আসামি গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার শিবগঞ্জে ১৫ সেপ্টেম্বর রাতে ঘটে যাওয়া মা–ছেলেকে হত্যার ঘটনায় এক মাস পর পুলিশ প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে নিহতের খোয়া যাওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (১৮ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন জয়পুরহাটের কালাই উপজেলার মাহি ইসলাম (১৮), আব্দুল জলিলের ছেলে জিসান (১৯) এবং শহিদুল ইসলামের ছেলে সৈকত (২০)। পুলিশ জানিয়েছে, জিসান পূর্বপরিকল্পনা অনুযায়ী দুই বন্ধুকে  সঙ্গে নিয়ে শিবগঞ্জের ওই বাড়িতে যায়। তাদের মূল লক্ষ্য ছিল ইমরানের মোটরসাইকেল চুরি করে বিক্রি করে ঋণ শোধ ও মাদকের টাকা জোগানো।

চুরির সময় ইমরান বাধা দিলে তারা প্রথমে তাকে কুপিয়ে হত্যা করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার মা রাণী বেগমকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তারা ঘর থেকে স্বর্ণালংকার ও মোটরসাইকেল লুট করে পালিয়ে যায়।

পুলিশ জানায়, মাহি ইসলামকে ১৫ অক্টোবর ঢাকার আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে লুটকরা মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর শনিবার সকালে ঢাকার খিলক্ষেতের ডুমনি বাজার এলাকা থেকে জিসান ও সৈকতকে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, “তিনজনই আত্মগোপনে ছিল। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ও ছদ্মবেশে অবস্থান করছিল। গোপন সূত্রের খবর পেয়ে তাদের ধরে পুলিশ অভিযান সফল হয়েছে।”

ওসি আরও জানান, তিন আসামিই মাদকাসক্ত এবং ঋণে জর্জরিত। আর্থিক চাপ ও মাদকের প্রভাবে তারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো সহযোগীর খোঁজ চালানো হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

মতামত দিন